image

স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ অনলাইন রিপোর্ট

বর্তমান সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশাও পূরণ করা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়া‌রি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং স্থিতিশীলতা বজায় রেখে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত করা। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখাও সরকারের অগ্রাধিকারগুলোর একটি।

মন্ত্রী জানান, দ্রব্যমূল্য যাতে কৃত্রিমভাবে বাড়ানো না হয় এবং দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে দেওয়া যায় সে লক্ষ্যে কাজ চলছে। ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত পদ্ধতির পাশাপাশি নতুন ও সৃজনশীল উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সারাদেশে চাঁদাবাজি নির্মূলসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং প্রথমে বিভাগীয় ও বড় শহরগুলোতে এ কার্যক্রম শুরু করা হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি প্রতিরোধ এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

এ সময় ডিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজীব এইচ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মো. সালেম সোলায়মান ও সচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

» জেলা আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠন

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: আপনার টিভি কি চোখের জন্য নিরাপদ