তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে বিএনপির প্রার্থী বাদশা

সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া আসন বগুড়া-৬ (বগুড়া পৌরসভা ও সদর) থেকে উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে রেজাউল করিম বাদশাকে। যিনি বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে রেজাউল করিম বাদশাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি সন্ধ্যায় দলের চেয়ারম্যানের গুলশান কার্যালয় থেকে রেজাউল করিমের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মাহবুবর রহমান, বগুড়া-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন ও জেলা বিএনপির সহসভাপতি আবদুল বাছেদ।

সংসদ সদস্য মো. মোশারফ হোসেন এই তথ্য জানিয়ে বলেছেন, ‘দলের চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে বগুড়া-৬ উপনির্বাচনের দলীয় মনোনয়নপত্র সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রেজাউল করিমের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।’

https://sangbad.net.bd/images/2026/February/26Feb26/news/%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%9F%E0%A6%A8.jpg

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ফেসবুক পোস্ট করে লিখেছেন, আলহামদুলিল্লাহ, বগুড়া (সদর)- ৬ আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে বিএনপির গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো।

গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল।মনোয়নপত্র দাখিলের তারিখ ২ মার্চ। যাচাই-বাছাই হবে ৫ মার্চ।৬ মার্চ থেকে শুরু করে আপিল চলবে ১০ মার্চ পর্যন্ত। নিষ্পত্তি করা হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ মার্চ।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিজয়ী হন। শপথ গ্রহণের আগের দিন তিনি বগুড়া–৬ আসন ছেড়ে দেন।

প্রসঙ্গত, বিএনপি ১৯৯১ থেকে বগুড়া-৬ আসনে জয় পেয়েছে। এর মধ্যে ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া বিপুল ভোটে জয়ী হন।২০১৮ সালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনে বিপুল ভোটে জয়লাভ করেন।

‘জাতীয়’ : আরও খবর

» জেলা আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠন

সম্প্রতি