image

সেনাবাহিনীতে উচ্চপর্যায়ে ফের রদবদল, কমান্ড পাল্টালো ৬ শীর্ষ পদের

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। দুই জন লেফটেন্যান্ট জেনারেলসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এনে বৃহস্পতিবার সেনা সদর দপ্তর থেকে একটি বিশেষ আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো এই রদবদলের বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন এই আদেশে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) বর্তমান কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিদায়ী কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এনডিসি এর কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। অর্থাৎ এই দুই শীর্ষ কর্মকর্তা একে অপরের স্থলাভিষিক্ত হলেন।

এ ছাড়া সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা হয়েছে। মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে ১৯ পদাতিক ডিভিশন থেকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) করা হয়েছে।

অপরদিকে, অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসবে বদলি করা হয়েছে।

এর আগে গত রোববারও সেনাবাহিনীর উচ্চপর্যায়ের আরও আটটি পদে রদবদল করা হয়েছিলো। সেই ধারাবাহিকতায় এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় এই পরিবর্তন আনা হলো।

প্রশাসনিক কাজের গতিশীলতা এবং নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিরক্ষা সংশ্লিষ্ট দপ্তরগুলো এই রদবদলের আদেশ কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে।

‘জাতীয়’ : আরও খবর

» জেলা আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠন

সম্প্রতি