image

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

সংবাদ অনলাইন রিপোর্ট

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতা বজায় রাখতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে।

শুক্রবার বরিশাল সার্কিট হাউসে বিআরটিএ এর ট্রাস্টি বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বরিশাল ও পিরোজপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক রূপ দিতে বদ্ধপরিকর। বিশেষ করে প্রযুক্তিগত উৎকর্ষের এই যুগে ডিজিটাল মাধ্যমের যে প্রসার ঘটেছে, তার সঙ্গে খাপ খাইয়ে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে কাজ করছে মন্ত্রণালয়।

নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে জনগণের তথ্য পাওয়ার অধিকারকে আরও সুসংহত করা হবে বলেও তিনি জানান।

এর আগে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। অনুষ্ঠানে মোট ৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।

বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

» জেলা আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠন

সম্প্রতি