নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের দুই কোটি পরিবারকে পর্যায়ক্রমে মাসিক নগদ সহায়তার আওতায় আনা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রী জানান, প্রাথমিকভাবে এই কর্মসূচির একটি পাইলট (পরীক্ষামূলক) পর্ব চালু করা হচ্ছে। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ১৪টি উপজেলায় চার মাস মেয়াদী এই পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন। পাইলট চলাকালে প্রথম পর্যায়ে ৬,৫০০ পরিবার এই সুবিধার আওতায় আসবে। কমপক্ষে পাঁচ সদস্যের প্রতিটি পরিবার প্রতি মাসে ২,৫০০ টাকা করে নগদ অর্থ পাবে। এই টাকা সরাসরি সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
পাইলট প্রকল্প সফল হলে এটি ধাপে ধাপে সারাদেশে সম্প্রসারিত করা হবে। সরকারের লক্ষ্য হচ্ছে দেশের প্রায় ২ কোটি পরিবারকে এই সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় নিয়ে আসা।
মন্ত্রী ডা. জাহিদ হোসেন কর্মসূচির বিশাল ব্যয়ের হিসাব তুলে ধরে বলেন, যদি এটি পুরোপুরি বাস্তবায়ন করা যায়, তবে এই কর্মসূচির জন্য মাসিক ব্যয় হবে প্রায় ৫ হাজার কোটি টাকা। সে হিসেবে বার্ষিক ব্যয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ৬০ হাজার কোটি টাকা।
উল্লেখ্য, গত জাতীয় নির্বাচনের প্রচারণাকালে দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর আর্থিক সহায়তায় এই ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী। ১০ মার্চের উদ্বোধনের মাধ্যমে সেই প্রতিশ্রুতির আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে।
আন্তর্জাতিক: বলিভিয়ায় সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১১