image

প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তারেক রহমানের প্রথম মতবিনিময়

সংবাদ অনলাইন রিপোর্ট

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এই সভায় তিনি দেশের মানুষের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অনেক বড় প্রত্যাশা নিয়ে এই সরকারের দিকে তাকিয়ে আছে। কর্মকর্তা-কর্মচারীরাও এই সরকারের অবিচ্ছেদ্য অংশ। তাই প্রশাসন যখন সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করবে, তখনই সরকারের পক্ষে ভালো কিছু করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় তারেক রহমান দেশের প্রতি তার গভীর মমত্ববোধ প্রকাশ করে বলেন, এই দেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা। তাই দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের দায়িত্বও আমাদের কাঁধেই।

তিনি উল্লেখ করেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী মেনিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। জনগণের সেই রায় ও মেনিফেস্টোর প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, নারী উন্নয়ন, কর্মসংস্থান ও ক্রীড়াসহ প্রতিটি এজেন্ডা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দেশের নিরাপত্তা ও সুশাসনের বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। মানুষ যেন প্রতিটি পদক্ষেপে নিজেদের নিরাপদ বোধ করে, সেটি নিশ্চিত করতে হবে।

এ ছাড়া দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে তিনি প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে কার্যকর ও পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বিশ্বাস করেন, সবাই মিলে কাজ করলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।

প্রশাসনিক শৃঙ্খলার বিষয়ে কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও জাতির স্বার্থে দাপ্তরিক গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত জরুরি। এছাড়া জাতিকে একটি সুশৃঙ্খল অবস্থানে নিয়ে যেতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি মনে করেন, নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রশাসনই একটি আধুনিক রাষ্ট্রের মেরুদণ্ড।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এরপর কার্যালয়ের গঠন ও কার্যাবলীর ওপর একটি বিশেষ উপস্থাপনা তুলে ধরেন মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মোঃ ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি