এনসিপি একদিন হয়তো ‘রাষ্ট্র ক্ষমতায় আসবে’: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটগত নির্বাচন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘একদিন হয়তো রাষ্ট্র ক্ষমতায় আসবে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সবকিছু তো আর রাতারাতি হয় না। এ জন্য সময় লাগবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধানমন্ডি আবাহনী মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের স্বাগত জানান।

অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ বলেন, “এনসিপি এই এক বছরে অনেক দূর আসতে সক্ষম হয়েছে। যেভাবেই হোক রাজনীতিতে নির্বাচনি সমঝোতার মধ্য দিয়ে, নির্বাচনি জোটের মধ্য দিয়ে তারা বাংলাদেশের জাতীয় সংসদে ছয়টি আসন পেয়েছে। এই ছয়টি আসন ভবিষ্যতে বৃদ্ধি হতে হতে একদিন তারা হয়তোবা রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহন করবে। সময় লাগবে, কিন্তু সবকিছু ওভারনাইট হয় না।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এনসিপি রাজনৈতিক দল হিসেবে যেদিন থেকে শুরু হয়েছে আমি আশাবাদী হয়েছি এদেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ আরো বেশি মর্যাদা দান করবে, উৎসাহিত করবে, রাজনীতিকে অনেক বেগবান করবে, তারুণ্যের চাহিদাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “আশা করি রাজনীতির এই কণ্টকাকীর্ণ মাঠে সবাই উত্থান পতনকে মেনে নেই। এই উত্থান পতনকে যারা মানতে পারেননি তারা রাজনীতিতে টিকে থাকেনি। এই রাজনীতিতে মানুষের চাহিদাকে যারা লালন করবে এবং জনগণের চাহিদাকে সমুন্নত রেখে এদেশের সকল মানুষকে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করবে সেরকম একটি রাজনীতি বর্তমান প্রজন্ম চায়, আগামী প্রজন্ম চায়।”

https://sangbad.net.bd/images/2026/February/28Feb26/news/%E0%A6%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF.jpg

রাজনীতির মাঠে অনেকের সাইনবোর্ড হিসেবে ব্যবহার হওয়ার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এনসিপি সত্যিকার অর্থে এদেশের মানুষকে প্রতিনিধিত্ব করে। দেশের জনমানুষের আকাক্সক্ষাকে ধারণ করে।” এনসিপি নিজ দলের নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনগণের চাহিদা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জাতীয় স্বার্থে সবাইকে এক থাকার বিষয়ে গুরুত্বারোপ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “দ্বন্দ্ব হবে, বিতর্ক হবে কিন্তু জাতীয় স্বার্থে সবাই এক থাকবো। জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করবো।”

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

অর্থ-বাণিজ্য: সোনার দাম ফের বাড়লো