image

ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পর দেশের স্থানীয় সরকার নির্বাচনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের কাজে কোনো বিরতি নেই। জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচনের বাইরেও কমিশনকে সারা বছর জুড়ে বিভিন্ন স্তরের স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হয়। সেই ধারাবাহিকতায় ঈদের ছুটি কাটিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কর্মযজ্ঞ শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

তিনি আরও বলেন, তবে এই নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয়ভাবে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত অপেক্ষা করছে কমিশন। আইন ও বিধিবিধান অনুযায়ী একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন সব সময় প্রস্তুত রয়েছে।

গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সাংবাদিকরা কমিশনের একটি অবিচ্ছেদ্য অংশ। কমিশনের কোনো ভুলত্রুটি থাকলে সাংবাদিকরা গঠনমূলক সমালোচনার মাধ্যমে তা সংশোধন করতে এবং আরও ভালো কাজ করার দিকনির্দেশনা দিতে সহায়তা করেন।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সর্বস্তরের মানুষের মতে এই নির্বাচন সফল ও সুন্দর হয়েছে। তবে সাফল্যের কোনো শেষ নেই। পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে আরও উন্নত ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করাই কমিশনের লক্ষ্য।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি