মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া প্রবাসী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিস্থিতির সার্বিক পর্যবেক্ষণে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের থাকা-খাওয়ার সুব্যবস্থা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী আটকেপড়া যাত্রীদের ২৪ ঘণ্টার সেবা দিতে “টোল ফ্রি হটলাইন” ১৬১৩৫ চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রোববার দুপুরে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন আরিফুল হক চৌধুরী।
জানা গেছে, আকস্মিক উত্তেজনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে বিমান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হওয়ায় শত শত যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। এদের মধ্যে অনেকেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে নারী ও শিশুদের বিড়ম্বনা এবং অনিশ্চয়তা বেড়েছে। এমন অবস্থায় বিমানবন্দর প্রশাসন সক্রিয় হয়ে যাত্রীদের সমস্যা সমাধানে হটলাইন চালুর ঘোষণা দেয়, যার মাধ্যমে ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য ও সহায়তা পাওয়া যাবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। আটকে পড়া যাত্রীদের যাতে খাবারের কোনো সংকট না হয় এবং তারা যেন নিরাপদ পরিবেশে থাকতে পারেন, সে লক্ষ্যে কাজ চলছে। এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাও অব্যাহত রয়েছে। তবে যাত্রীদের একটি অংশ অভিযোগ করেছেন যে, এখনো অনেকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন না।
এই পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।
সারাদেশ: সাটুরিয়ায় ৪০ খামারির মাঝে ভেড়া বিতরণ