ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং একে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করতে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে নারীদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে এবং যানজট নিরসনে বৈদ্যুতিক বাস ও মনোরেলের মতো আধুনিক পরিবহন ব্যবস্থা চালুর বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তিনি।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে এসব তথ্য জানান বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. মো. শামসুল হক।
তিনি জানান, প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকে ঢাকার পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী দীর্ঘ সময় লন্ডনে বসবাসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থাকে একটি আধুনিক কাঠামোয় রূপান্তর করতে চান।
বৈঠক শেষে ড. শামসুল হক বলেন, প্রধানমন্ত্রী বর্তমান গণপরিবহন ব্যবস্থার বিশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে নারীদের যাতায়াতে যে বিড়ম্বনা ও নিরাপত্তার অভাব রয়েছে, তা তাকে ব্যথিত করে। এ সমস্যা সমাধানে তিনি আগামী ১৮০ দিনের মধ্যে পাইলট প্রকল্প হিসেবে নারীদের জন্য বিশেষ বৈদ্যুতিক বাস সার্ভিস চালু করতে আগ্রহী। এ ছাড়া ঢাকার ঘিঞ্জি এলাকাগুলোতে যেখানে বড় মেট্রো রেল নেওয়া সম্ভব নয়, সেখানে সাশ্রয়ী ও দ্রুত বাস্তবায়নযোগ্য মনোরেল বা লাইট রেল চালুর বিষয়েও তিনি গুরুত্ব দিয়েছেন।
অধ্যাপক শামসুল হক আরও জানান, বাসবো, গোরান বা মাদারটেকের মতো জনবহুল এলাকাগুলোতে যাতায়াত ব্যবস্থা খুবই নাজুক। প্রধানমন্ত্রী চান এসব এলাকায় দ্রুত সময়ের মধ্যে পরিবহন সেবার উন্নয়ন করতে। এ লক্ষ্যে স্টিল পিলারের ওপর প্রি-ফ্যাব্রিকেটেড কাঠামো ব্যবহার করে কম যন্ত্রণাদায়ক নির্মাণকাজের মাধ্যমে রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে নির্মাণকালীন জনভোগান্তি কম হবে এবং দ্রুত কভারেজ নিশ্চিত করা সম্ভব হবে।
ঢাকার ওপর থেকে জনসংখ্যার চাপ কমাতে বিকেন্দ্রীকরণের ওপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। ড. শামসুল হকের ভাষ্যমতে, প্রধানমন্ত্রী এমন একটি রেল যোগাযোগ ব্যবস্থা চান যাতে মানুষ চট্টগ্রাম বা দূরবর্তী জেলা থেকে দ্রুতগতির ট্রেনে এসে ঢাকায় অফিস করে আবার ফিরে যেতে পারে। এতে রাজধানীতে আবাসনের চাপ কমবে। ঢাকার পরিবহন ব্যবস্থাকে সমন্বিতভাবে সাজাতে বিশেষজ্ঞ পর্যায় থেকে প্রয়োজনীয় স্টাডি করে দ্রুত প্রস্তাব জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি, যাতে চলতি বছরেই দৃশ্যমান কাজ শুরু করা যায়।
আন্তর্জাতিক: খামেনি হত্যা আন্তর্জাতিক আইন ও রীতির সরাসরি লঙ্ঘন
অপরাধ ও দুর্নীতি: মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী