মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় চরম আকার ধারণ করেছে। গত তিন দিনে এই বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যের মোট ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আকাশসীমা বন্ধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
জানা গেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার আন্তর্জাতিক বিমান যোগাযোগে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ২৩টি এবং রোববার (১ মার্চ) ৪০টি ফ্লাইট বাতিল করা হয়। সোমবার (২ মার্চ) আরও ৩৯টি ফ্লাইট বাতিল হওয়ায় তিন দিনে মোট বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে ১০২টিতে।
আজকের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৫টি এবং গালফ এয়ারের ২টি ফ্লাইট। এ ছাড়াও ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি এবং এয়ার অ্যারাবিয়ার ৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশীয় এয়ারলাইনসগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনস তাদের ১০টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।
হঠাৎ ফ্লাইট বাতিলের ফলে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। বিশেষ করে প্রবাসী শ্রমিক ও জরুরি প্রয়োজনে বিদেশগামীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এবং সংশ্লিষ্ট দেশগুলো আকাশসীমা উন্মুক্ত না করা পর্যন্ত নিয়মিত সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক করতে এয়ারলাইনসগুলো বিকল্প পথ বা সময় নির্ধারণের চেষ্টা চালাচ্ছে।
আন্তর্জাতিক: অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর আয়ারল্যান্ড
আন্তর্জাতিক: ইরানের হামলার মুখে কঠিন সমীকরণে উপসাগরীয় দেশগুলো
আন্তর্জাতিক: নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা
সারাদেশ: লাউয়াছড়া জাতীয় উদ্যান ধ্বংসের পথে