তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, প্রধানমন্ত্রী সবকিছু প্রাতিষ্ঠানিকভাবে চালাতে চান এবং এক্ষেত্রে দলীয় কেউ যাতে অন্যায় সুবিধা নিতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
সোমবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রবেশ ও পেশাগত দায়িত্ব পালন সহজ করার বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠান যদি তাদের নির্দিষ্ট প্রতিনিধির তালিকা পাঠায়, তবে সচিবালয়ে প্রবেশের বিষয়টি আরও সুশৃঙ্খল হবে। এতে একদিকে যেমন ভিড় কমবে, অন্যদিকে সাংবাদিকদের পেশাগত কাজ করাও সহজ হবে।
এ ছাড়া একটি সঠিক ডাটাবেজ থাকলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।
প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডের নীতিমালা প্রসঙ্গে তথ্যমন্ত্রী উল্লেখ করেন, আগে কোনো সঠিক নীতিমালা চর্চা না হলেও বর্তমান সরকার বিষয়টিকে নিয়মের মধ্যে আনতে কাজ করছে।
তিনি বলেন, অ্যাক্রেডিটেশন কার্ডের পুরো প্রক্রিয়াকে আরও বেশি প্রয়োগযোগ্য ও স্বচ্ছ করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। যদি নিয়মের বাইরে কেউ সুবিধা পেয়ে থাকে তবে তা সংশোধন করা হবে এবং যোগ্য কেউ বাদ পড়লে তাকে কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
সভায় মন্ত্রী আরও জানান, গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর এবং সাংবাদিকবান্ধব পরিবেশ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক: ইরানে ইসরায়েল-মার্কিন হামলায় বড় ক্ষতির মুখে চীন
আন্তর্জাতিক: অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর আয়ারল্যান্ড
আন্তর্জাতিক: ইরানের হামলার মুখে কঠিন সমীকরণে উপসাগরীয় দেশগুলো
আন্তর্জাতিক: নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা
সারাদেশ: লাউয়াছড়া জাতীয় উদ্যান ধ্বংসের পথে