image

আটকে পড়া প্রবাসীদের জন্য “বিশেষ সেল”

সংবাদ অনলাইন রিপোর্ট

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসী বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে বিশেষ সেল গঠন করেছে সরকার।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সংবাদিকদের এই তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতিতে অনেক প্রবাসী বাংলাদেশি বর্তমানে দেশে অবস্থান করছেন। তাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ পর্যায়ে কিংবা শেষ হয়ে গেছে, যার ফলে কর্মস্থলে ফিরে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রবাসীদের এই সংকট সমাধানে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করছে।

তিনি আরও বলেন, নবগঠিত এই বিশেষ সেল মূলত ভুক্তভোগী প্রবাসীদের তথ্য সংগ্রহ করবে এবং সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সাথে যোগাযোগ রক্ষা করে দ্রুত ভিসা নবায়ন বা জটিলতা কাটানোর উদ্যোগ নেবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরও বলেন, আমরা আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছি যাতে প্রবাসীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন। আশা করা যাচ্ছে, এই বিশেষ সেলের কার্যক্রমের মাধ্যমে খুব দ্রুতই আটকে পড়া কর্মীদের ভিসা সমস্যার সমাধান সম্ভব হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিমান ও পর্যটন মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং এর ফলে বাংলাদেশের শ্রমবাজার ও এভিয়েশন সেক্টরে যে প্রভাব পড়ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে গত কয়েক দিনে বহু ফ্লাইট বাতিল হয়েছে, যার ফলে হাজার হাজার প্রবাসী কর্মী কর্মস্থলে ফিরতে না পেরে বিপাকে পড়েছেন। সরকারের এই পদক্ষেপের ফলে প্রবাসীদের মনে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি