দেড় বছরে অভিযোগ অস্বীকারের দীর্ঘ অধ্যায়ের পর হঠাৎই ফেইসবুক পোস্টে প্রকাশ্যে আনলেন নিজের রাজনৈতিক পরিচয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও রাকসু নির্বাচনের আলোচিত ভিপি প্রার্থী মেহেদী সজীব অবশেষে তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করেছেন। সোমবার( ২ মার্চ) বিকেলে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে ইসলামী ছাত্রশিবিরের প্যাডে প্রচার ও মিডিয়া সম্পাদক পদে তাঁর স্বাক্ষরযুক্ত একটি প্রতিবাদলিপি পোস্ট করেন তিনি। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসজুড়ে। শুরু হয় আলোচনা, সমালোচনা।
গত বছরের ১০ সেপ্টেম্বর রাকসু নির্বাচনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ১৮টিতে প্রার্থী দেয় প্যানেলটি।
প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী সজীব, জিএস পদে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাহউদ্দিন আম্মার এবং এজিএস পদে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিল বিন তালেবের নাম ঘোষণা করা হয়।
তবে ঘোষণার পরপরই কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবিরের সংশ্লিষ্টতার কথা ওঠে। ক্যাম্পাসে গুঞ্জন ছড়ায় — প্যানেলটি ছাত্রশিবিরের ‘বি টিম’ বা ‘ডামি প্যানেল’। সে সময় ভিপি ও জিএস প্রার্থী এসব অভিযোগ অস্বীকার করেন।
পরে এজিএস প্রার্থী আকিল বিন তালেব, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক প্রার্থী ফাহির আমিন এবং সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক প্রার্থী এম শামিম প্যানেল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে ভোটে জিএস পদে নির্বাচিত হন ওই প্যানেলের সালাহউদ্দিন আম্মার।
ভিপি প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও নির্বাচনী প্রচারে প্রায় নীরব ছিলেন মেহেদী সজীব। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি, কিন্তু মাঠে সক্রিয়ও হননি। অভিযোগ ওঠে, শিবির-সমর্থিত ভিপি প্রার্থীকে সুবিধা দিতেই তিনি প্রচারে নিষ্ক্রিয় ছিলেন।
তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন সজীব।তিনি তখন বলেছিলেন — ‘শারীরিক অসুস্থতার’ কারণেই তিনি প্রচারে অংশ নিতে পারেননি। ভিপি পদের নির্বাচনে তিনি ৩২৩ ভোট পান।
তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করে সাম্প্রতিক পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নোমান ইমতিয়াজ ফেইসবুকে লিখেছেন, “নতুন পদের জন্য শুভকামনা। পাশাপাশি সকলের ধারণাকে সত্য প্রমাণিত করার জন্য ধন্যবাদ।”
সাইফুর রহমান নামের এক সাবেক শিক্ষার্থী লিখেছেন, “হাজার শিক্ষার্থীর সঙ্গে বেঈমানী করে আত্মপ্রকাশ করেছে ছোট ভাই মেহেদী সজীব... আরও কিছু ছোট ভাই আছে। একে একে সবাই সামনে আসবে।”
এতদিন পর রাজনৈতিক পরিচয় সামনে আনার কারণ জানতে চাইলে মেহেদী সজীব বলেন, জুলাই আন্দোলনের সময় থেকেই তিনি ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রশিবিরের পক্ষ থেকে আন্দোলন সমন্বয় করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যেন ‘কোনোভাবে বাধাগ্রস্ত না হয়’, সেজন্য তখন তিনি ‘পরিচয় প্রকাশ করেননি’। পরবর্তীতে ‘অনুকূল’ পরিবেশ ‘না থাকায়’ বিভিন্ন অনুষ্ঠানে এ সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেছেন। পট পরিবর্তনের পর ‘নতুন রাজনৈতিক ব্যবস্থায়’ তিনি প্রকাশ্যে এসেছেন।
আন্তর্জাতিক: খামেনির স্ত্রীও মারা গেলেন
অর্থ-বাণিজ্য: হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
অর্থ-বাণিজ্য: পরপর তিন দিন বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: সূচকের উত্থানে লেনদেন ৭৭৯ কোটি টাকা