image

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের হঠাৎ পদত্যাগ

সংবাদ অনলাইন রিপোর্ট

হঠাৎ করেই পদত্যাগ করলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার মিঞা মুহাম্মাদ আলি আকবার আজিজী ও হাফিজ আহসান ফরিদ।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাতের পর কমিশনার মিঞা মুহাম্মাদ আলি আকবার আজিজী সাংবাদিকদের কাছে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকালে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

দুপুর আড়াইটার দিকে মোহাম্মদ আবদুল মোমেনকে মন্ত্রিপরিষদ বিভাগের দিকে যেতে দেখা যায়। কিছুক্ষণ পর সেখান থেকে বের হয়ে আসেন। পরে জানা যায়, চেয়ারম্যান ও দুই কমিশনার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার মিঞা মুহাম্মাদ আলি আকবার আজিজী বলেন, “ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছি। কোনো চাপের মুখে নয়। নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছি। নতুন পর্ষদ গঠিত হবে।”

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. আবদুল মোমেনের নেতৃত্বে বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণ করে। তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি