প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) প্রটোকল ছাড়া চলাচল এবং সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে চলার সুফল পেতে শুরু করেছে রাজধানীবাসী। বিশেষ প্রটোকলের কারণে সড়ক বন্ধ রাখার সংস্কৃতি বন্ধ হওয়ায় ঢাকার রাস্তায় যানবাহনের গড় গতি বেড়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া এক প্রতিবেদনে এই ইতিবাচক চিত্র উঠে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সরকারি বার্তা সংস্থা বাসস।
অতিরিক্ত প্রেস সচিব জানান, রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহনের বর্তমান গতিপ্রকৃতি নিয়ে একটি প্রতিবেদন আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে: আগে রাজধানীতে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ঘণ্টায় ৪.৫ কিলোমিটার, যা প্রায় পায়ে হাঁটার গতির সমান। গত ১৪ দিনের পরিসংখ্যানে দেখা গেছে, প্রটোকল প্রথা শিথিল করার পর এই গতি বেড়ে বর্তমানে ৫.৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই ভিভিআইপি প্রটোকল কমিয়ে নিজে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন। তাকে অনুসরণ করে বর্তমানে রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গও সড়কে সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন।
আগে ভিআইপি চলাচলের সময় দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ রাখার ফলে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হতো। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে এখন ভিভিআইপি চলাচলের কারণে সাধারণ মানুষের যানচলাচল আর বাধাগ্রস্ত হচ্ছে না। অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রতিবেদনটি প্রধানমন্ত্রী গভীর মনোযোগের সাথে দেখেছেন এবং জনদুর্ভোগ কমাতে এই ধারা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে ট্রাফিক আইন মানার এই দৃষ্টান্ত ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে সহায়ক ভূমিকা পালন করবে।