image

পদত্যাগের কারণ জানালেন দুদক চেয়ারম্যান

সংবাদ অনলাইন রিপোর্ট

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আবদুল মোমেন পদত্যাগ করেছেন। সঙ্গে পদত্যাগ করেছেন দুই কমিশনার—মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদ। মঙ্গলবার (৩ মার্চ) তাঁরা মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের পর কার্যালয় ত্যাগ করার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুল মোমেন। তিনি বলেন, পদত্যাগের পেছনে বিশেষ কোনো কারণ নেই। নতুন সরকারের নিজস্ব প্রত্যাশা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য হয়তো তাঁদের চেয়ে অধিকতর যোগ্য কমিশনের প্রয়োজন হতে পারে- এমন বিবেচনা থেকেই তাঁরা সরে দাঁড়িয়েছেন।

আবদুল মোমেনের ভাষ্য, সরকার পরিবর্তনের পর নেতৃত্বে পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। একটি রাজনৈতিক সরকার তার নিজস্ব ম্যানিফেস্টো ও অগ্রাধিকার অনুযায়ী কাজ করতে চাইবে- এতে অস্বাভাবিক কিছু দেখেন না তিনি। তাঁর মতে, নতুন সরকার যেন স্বাচ্ছন্দ্যে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, সেই পথ সুগম করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তাঁরা অনুভব করেছেন—এই সময়ে তাঁদের চেয়ে অধিকতর যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হলে কমিশন যেমন উপকৃত হবে, তেমনি রাষ্ট্রও লাভবান হবে। দায়িত্ব পালনকালে সাধ্যমতো চেষ্টা করেছেন বলেও দাবি করেন তিনি। ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি- এর সাক্ষী আপনারাই,’ বলেন সাবেক এই সচিব।

আবদুল মোমেন ২০২৪ সালের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের আমলে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তাঁর সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব নেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহ্‌সান ফরিদ। দায়িত্বকালীন সময়ে বিভিন্ন উচ্চপ্রোফাইল তদন্ত ও প্রশাসনিক উদ্যোগে তাঁরা যুক্ত ছিলেন।

নিজেদের কাজের মূল্যায়নের দায়িত্ব জনগণের ওপর ছেড়ে দিয়ে আবদুল মোমেন বলেন, তাঁরা কতটা সফল হয়েছেন, তা জনগণই বিচার করবেন। দায়িত্ব পালনের সময় গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। ‘আপনারা আমাদের সহযোগিতা করেছেন, এ জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ,’ যোগ করেন তিনি।

দুদকের শীর্ষ নেতৃত্বের একযোগে পদত্যাগের পর এখন নতুন কমিশন গঠনের প্রক্রিয়ার দিকে নজর সংশ্লিষ্টদের। নতুন সরকার কাদের দিয়ে দুর্নীতিবিরোধী সংস্থাটির দায়িত্ব পুনর্গঠন করবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি