image

প্রধানমন্ত্রীকে অভিনন্দনের বিজ্ঞাপন–ব্যানার সরানোর নির্দেশ

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার, বিলবোর্ড ও ডিজিটাল বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে নিজের ছবি–সংবলিত একটি ব্যানার চোখে পড়লে তিনি তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। সংশ্লিষ্টরা দ্রুত ব্যানারটি অপসারণ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে অভিনন্দনমূলক বিজ্ঞাপন প্রদর্শন করছিল। এ ধরনের প্রচারণা দ্রুত সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বিজয় সরণি এলাকায় একটি এলইডি স্ক্রিনে নিজের ছবি–সংবলিত বার্তা দেখে সেটিও সরানোর নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এদিকে, বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর পেয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন। সোমবার (২ মার্চ) বিষয়টি তাঁর নজরে আসে বলে জানানো হয়। নিম্নআয়ের মানুষের প্রধান খাদ্য হিসেবে বিবেচিত মোটা চালের দাম বাড়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বাজার স্থিতিশীল রাখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এর ইতিবাচক প্রভাব ইতোমধ্যে বাজারে দেখা যেতে শুরু করেছে।

অন্যদিকে, রাজধানীর যানজট পরিস্থিতি ও যানবাহনের গতি নিয়ে প্রস্তুত একটি প্রতিবেদনও মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভিভিআইপি চলাচলের জন্য বিশেষ প্রটোকল কমানো এবং সড়ক বন্ধ না রাখার সিদ্ধান্তের ফলে যান চলাচলে উন্নতি হয়েছে। গত ১৪ দিনের হিসাবে রাজধানীতে যানবাহনের গড় গতিবেগ ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার থেকে বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে।

প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক সিগন্যাল মেনে চলার যে উদ্যোগ নিয়েছেন, তা অনুসরণ করছেন রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও- এমন তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুরো প্রতিবেদন পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।

‘জাতীয়’ : আরও খবর

» ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ: জ্বালানি তেল নিয়ে শঙ্কা, বিকল্প সন্ধানের তাগিদ

» দেশে জ্বালানি তেলের বর্তমান মজুত কত?

সম্প্রতি