image

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ঢাকা থেকে আজ আরও ২৫টি ফ্লাইট বাতিল

সংবাদ অনলাইন রিপোর্ট

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। আজ বুধবার (৪ মার্চ) নতুন করে আরও ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, যুদ্ধের কারণে আকাশপথ বন্ধ থাকায় গত পাঁচ দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর আগে: ২৮ ফেব্রুয়ারি: ২৩টি ফ্লাইট, ১ মার্চ: ৪০টি ফ্লাইট, ২ মার্চ: ৪৬টি ফ্লাইট, ৩ মার্চ: ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়।

আজকের বাতিল হওয়া ২৫টি ফ্লাইটের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যগামী নামী সব এয়ারলাইনস:

•এয়ার অ্যারাবিয়া: ৮টি ফ্লাইট

•এমিরেটস এয়ারলাইনস: ৫টি ফ্লাইট

•কাতার এয়ারওয়েজ: ৪টি ফ্লাইট

•ইউএস-বাংলা এয়ারলাইনস: ৪টি ফ্লাইট

•কুয়েত এয়ারওয়েজ: ২টি ফ্লাইট

•জাজিরা এয়ারওয়েজ: ২টি ফ্লাইট

এদিকে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, আগামী ৫ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েতগামী সকল ফ্লাইট বাতিল থাকবে।

মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির কারণে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আকাশপথ ব্যবহারের ওপর এই কড়াকড়ি বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি