সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে উপস্থিতির বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।
গত ২ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক পরিপত্রে জানানো হয়েছে, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং নাগরিক সেবা নিশ্চিত করতে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই পরিপত্রে বলা হয়েছে, দাপ্তরিক কাজে গতি আনতে এবং আন্তঃদপ্তর সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
আগে দেখা গেছে, অনেক কর্মকর্তা-কর্মচারী অফিসে আসার পথে বিভিন্ন ব্যক্তিগত বা দাপ্তরিক কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে নির্ধারিত সময়ে ডেস্কে থাকেন না। এতে সাধারণ মানুষ সেবা পেতে যেমন ভোগান্তির শিকার হন, তেমনি দাপ্তরিক কাজের চেইন অব কমান্ড বা ধারাবাহিকতাও ব্যাহত হয়। এই সমস্যা সমাধানেই নতুন করে কড়া নির্দেশনা দেওয়া হলো।
তবে এই নির্দেশনার বাইরে কিছু বিশেষ ক্ষেত্রকে রাখা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, যারা প্রশাসনিক দায়িত্বে নেই, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। এ ছাড়া হাসপাতাল, জেলখানা, সংবাদ সংস্থা বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যারা রোস্টার ডিউটি পালন করেন, তাদের ক্ষেত্রেও নিয়মে শিথিলতা রয়েছে। জরুরি সেবায় নিয়োজিত কর্মী, মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভিভিআইপি প্রোটোকল বা আকস্মিক বড় কোনো দুর্ঘটনা মোকাবিলায় নিয়োজিত কর্মকর্তাদের ক্ষেত্রে এই সময়সীমা শিথিলযোগ্য হবে।
পরিপত্রে আরও স্পষ্ট করা হয়েছে যে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এমনকি দাপ্তরিক কোনো বিশেষ কারণ ছাড়া অফিস চলাকালীন সময়ের মধ্যে নিজের দপ্তর ছেড়ে যাওয়া যাবে না। সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা এবং সচিবালয় নির্দেশমালা অনুযায়ী নির্ধারিত সময়ে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করা সবার জন্য বাধ্যতামূলক।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনের কাজে গতি ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও নিয়মিত সকাল ৯টার মধ্যে সচিবালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কাজ শুরু করছেন, যার ধারাবাহিকতায় এখন প্রশাসনের সকল স্তরে শৃঙ্খলা ফেরাতে এই নতুন নির্দেশনা জারি করা হলো।
আন্তর্জাতিক: নেপালে নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, ফলাফলের অপেক্ষা
অর্থ-বাণিজ্য: তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার, বিশেষজ্ঞদের সতর্কবার্তা