image

৬ জেলায় নতুন এসপি

পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

সংবাদ অনলাইন রিপোর্ট

ছয়টি গুরুত্বপূর্ণ জেলাসহ পুলিশের ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। বুধবার (৪ মার্চ ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকজনকে এপিবিএন, নৌ পুলিশ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বদলি করা হয়েছে।

বগুড়ার বর্তমান পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ বদলি করা হয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ির নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেটের নতুন পুলিশ সুপার করা হয়েছে। সিলেটের বর্তমান এসপি কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুরের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। ময়মনসিংহের বর্তমান এসপি মো. মিজানুর রহমানকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), নোয়াখালীতে বদলি করা হয়েছে।

বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি এ. জেড. এম. মোস্তাফিজুর রহমানকে বরিশালের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এবং প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুতই নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি