image

জ্বালানি তেলের পাচার ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি

সংবাদ অনলাইন রিপোর্ট

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে সারা বিশ্বে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। এর ফলে দেশের জ্বালানি খাতে অনিবার্যভাবে সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি তেলের পাচার ঠেকাতে পদক্ষেপ নিতে সীমান্তে সতর্ক অবস্থানে থাকতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অনুরোধ করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি।

এর আগে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে জরুরি পর্যালোচনা সভায় বিজিবিকে জ্বালানি পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকেও পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বৈশ্বিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব ন্যূনতম পর্যায়ে রাখার জন্য মন্ত্রণালয় থেকে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করেছে। জ্বালানি সংগ্রহ স্বাভাবিক রাখতে সকল উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।

সাময়িক সংকট মোকাবেলায় সরকারের উদ্যোগসমূহ সফল করার জন্য জনগণকে ধৈর্য ধারণ করে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিপিসির চেয়ারম্যান, পিডিবি’র চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি