image

মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় চাপের শঙ্কা

সংবাদ অনলাইন রিপোর্ট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা। সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের কাছে এই উদ্বেগের কথা তুলে ধরেছে বাংলাদেশ।

বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ সব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলোর ওপর যে নেতিবাচক অর্থনৈতিক প্রভাব পড়তে পারে, তা মার্কিন প্রতিনিধির কাছে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। বাংলাদেশ চায় যুক্তরাষ্ট্র যেন আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দ্রুত এই সমস্যার সমাধান করার উদ্যোগ নেয়। যুদ্ধ দীর্ঘায়িত হলে সাধারণ মানুষের প্রাণহানির পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হবে, তা বহন করা বাংলাদেশের মতো দেশের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

বৈঠকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়। মন্ত্রী উল্লেখ করেন, সাম্প্রতিক সংঘাতে ইতোমধ্যে দুজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। সংঘাত আরও বিস্তৃত হলে প্রবাসীদের জানমালের ঝুঁকি আরও বাড়বে।

তবে যুদ্ধ ঠিক কবে নাগাদ বন্ধ হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পূর্বাভাস মেলেনি বলে জানান তিনি।

দ্বিপাক্ষিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, “বাংলাদেশ ফার্স্ট” নীতি অনুসরণ করে দেশের স্বার্থ বজায় রেখেই অন্য সব দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করা হবে বলে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে।

বৈঠকে মার্কিন প্রতিনিধি দুই দেশের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়া বৈঠকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনথিভুক্ত বা বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। এই প্রক্রিয়া যেন সহজ এবং সম্মানজনক হয়, সে বিষয়ে জোর দিয়েছে ঢাকা।

পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে এবং তারা এ বিষয়ে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি