image

দুবাই থেকে ফিরলো আটকে পরা বাংলাদেশিরা

সংবাদ অনলাইন রিপোর্ট

অবশেষে দুবাই থেকে ফিরলো মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে আটকে পরা বাংলাদেশিরা। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইউএস-বাংলা ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করে।

এর আগে, দুবাইয়ের আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে গতকাল বুধবার (৪ মার্চ) প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উড্ডয়ন করে। পরে ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

প্রবাসী এই বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

জানা যায়, এয়ারলাইন্সটি সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

অপর ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। একই ফ্লাইট আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হবে।

দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

জানা যায়, যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ এরইমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।

টিকিট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যে কোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য হটলাইন ১৩৬০৫, মোবাইল ০১৭৭৭৭৭৭৮০৮০৬ নম্বরে যোগাযোগ করতে বলেছে ইউএস-বাংলা।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি