ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এবার কার্যত ছুটি হবে মোট সাতদিন।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৮ মার্চও ছুটির মন্ত্রীসভার সিদ্ধান্তের কথা জানান।
সরকারের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট পাঁচদিন নির্ধারণ করা হয়েছিল। ২১শে মার্চ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ হিসাব করে সরকারিভাবে ১৯শে মার্চ বৃহস্পতিবার থেকে সোমবার ২৩শে মার্চ পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করা হয়।
২৭শে রমজান শবে কদরের দিন সব সময় সরকারি ছুটি থাকে। এবছর ১৭ই মার্চ মঙ্গলবার শবে কদরের বন্ধ আগে থেকেই নির্ধারিত রয়েছে। পরদিন ১৮ই মার্চ বুধবার সাধারণ কর্মদিবস।
বৃহস্পতিবার এই দিনটি ও ছুটি ঘোষণা করল সরকার। ফলে টানা ৭ দিনের ছুটি শেষ হবে ২৩শে মার্চ সোমবার।
এর পর ২৪ ও ২৫শে মার্চ দুইদিন অফিস আদালত খোলা থাকবে। তবে ২৬শে মার্চ বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। পরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন।