উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সাংবাদিক আনিস আলমগীরের পক্ষে ছিলেন আইনজীবী তামান্না ফেরদৌস।
এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মামলাটি হয়েছে রাজধানীর উত্তরা পশ্চিম থানায়।
আইনজীবী তামান্না ফেরদৌস এই প্রতিবেদককে জানান, মামলাটি উত্তরা পশ্চিম থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলা। মামলাটির রুল শুনানির জন্য আজকের দিনধার্য ছিল। রুল হেয়ারিং শেষে আদালত আসামির জামিন মঞ্জুর করেছেন।
তবে এই মামালায় জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না আনিস আলমগীর। তার আইনজীবী জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেলেও আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা রয়েছে।
দুদকের মামলায় শেন অ্যারেস্ট থাকায় আসামি এখনই মুক্তি পাচ্ছেন না। এই আইনজীবী জানান, তারা এখন দুদকের মামলাটি নিয়ে কাজ করছেন এবং দ্রুতই জামিন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
অর্থ-বাণিজ্য: রাজধানীতে পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন
আন্তর্জাতিক: ৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে