image

খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি, ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার ঘোষণা করেছে সরকার। এবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন—

স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য বেগম খালেদা জিয়া (মরণোত্তর), মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত) ও বশির আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।

পাশাপাশি পাঁচটি প্রতিষ্ঠান বা সংস্থা স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এসব প্রতিষ্ঠান হচ্ছে, মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবায় এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্র।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দেওয়া হবে।

স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মানগুলোর একটি। প্রতি বছর জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি