image

ইফতারের আগে রাজধানী জু‌ড়ে দীর্ঘ যানজট, ভোগান্তি চরমে

সংবাদ অনলাইন রিপোর্ট

রমজানের বিকেলে ইফতারের আগে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের তীব্র জট সৃষ্টি হয়েছে। বিশেষ করে মালিবাগ থেকে মৌচাক, মগবাজার হয়ে বাংলামটর পর্যন্ত পুরো এলাকায় দীর্ঘ যানজটে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সরেজমিনে দেখা যায়, মালিবাগ রেলগেট থেকে বাংলামটর অভিমুখী সড়কে যানবাহনের সারি মাইলের পর মাইল ছাড়িয়ে গেছে। ফ্লাইওভারের ওপর ও নিচের- উভয় সড়কেই ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। ইফতারের আগে বাসায় পৌঁছানোর তাড়া থাকলেও গাড়ির চাকা ঘুরছে না বললেই চলে।

যানজটের এই প্রভাব ছড়িয়ে পড়েছে আশেপাশের শা‌ন্তিবাগ, হাতিরঝিল ও কারওয়ান বাজার এলাকাতেও। ব্যক্তিগত গাড়ির আধিক্য ও যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। অনেক যাত্রীকে বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ইফতারের আগে একসাথে বিপুল সংখ্যক মানুষ ঘরমুখী হওয়ায় সড়কের ধারণক্ষমতার চেয়ে বেশি যানবাহনের চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক পুলিশ, তবে যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে তাদের।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি