image

রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

সংবাদ অনলাইন রিপোর্ট

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও বিচারের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনী কারচুপির (ইলেকশন ইঞ্জিনিয়ারিং) অভিযোগ এনে দাবিটি তোলেন দলটির নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতা তাহের দাবি করেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন যা থেকে প্রমাণিত হয় তিনি নিজেই নির্বাচনী কারচুপির সঙ্গে জড়িত ছিলেন। তাহের বলেন, "গতকাল আমরা একজন রাজসাক্ষী পেয়েছি। তিনি স্পষ্ট জানিয়েছেন, যারা নারীদের উপযুক্ত অধিকার নিশ্চিত করতে পারেনি। তাদের তিনি মূলধারায় বা প্রধান শক্তি হিসেবে আসতে দেননি। এটি নিজেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকারোক্তি।"

জামায়াত নেতা প্রশ্ন তোলেন, কোন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীকে প্রধান দল হিসেবে মেজরিটি পেতে বাধা দেওয়া হয়েছে? র এই কারচুপিতে সরকারের কারা জড়িত ছিল? তিনি বলেন, "পুরো সরকার নাকি সরকারের একটি অংশ ডিসি, এসপি, ইউএনও, ওসি ও প্রিসাইডিং কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচনে কারচুপি করে একটি নির্দিষ্ট দলকে জেতানোর ব্যবস্থা করেছিল।"

জামায়াত নেতা সরকারের কাছে স্পষ্ট করার আহ্বান জানিয়ে বলেন, "রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে তিনি কীভাবে নির্বাচনী সিচুয়েশন তৈরি করেছিলেন, তা পরিষ্কার করতে হবে।"

একই সংবাদ সম্মেলনে বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমানের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি অভিযোগ করেন, খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার নীতির পরিপন্থী কাজ করেছেন।

তাহের বলেন, "তিনি নিরাপত্তা উপদেষ্টা থাকার পরও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, যা আগের শপথের পরিপন্থী। তিনি লন্ডন ষড়যন্ত্রের হোতা এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমেই বর্তমান সরকারের কিছু লোক উপকৃত হয়েছে।" তিনি আরও দাবি করেন, খলিলুর রহমান বিএনপির স্বার্থ সংরক্ষণে কাজ করছেন এবং বিএনপির আস্থাভাজন হয়েই মন্ত্রিত্ব পেয়েছেন।

জামায়াত নেতা প্রশ্ন তোলেন, "বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ তাঁকে সরকার থেকে বের করে দিতে বললেও, কেন এই বিতর্কিত ব্যক্তিকে পররাষ্ট্রমন্ত্রী করা হলো?"

সরকারের উপদেষ্টারা বিএনপিকে জেতানোর জন্য কী ধরনের ষড়যন্ত্র করেছেন, তা সামনে আসা দরকার বলে মন্তব্য করেন তিনি। জামায়াত নেতা তাহের বলেন, "জামায়াত একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিল, কিন্তু তাঁরা জাতিকে সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত করেছেন। সুষ্ঠু নির্বাচন যাঁরা ভন্ডুল করেছেন, তাঁরা মীর জাফর।"

এ সময় সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আইনজীবী শিশির মনির ও জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি