image

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৪৪৭ প্রাণ: দুর্ঘটনায় শীর্ষে ঢাকা বিভাগ

সংবাদ অনলাইন রিপোর্ট

বিদায়ী ফেব্রুয়ারি মাসে দেশে সড়ক দুর্ঘটনার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। মাসজুড়ে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৪৭ জন এবং আহত হয়েছেন ১ হাজার ১৮১ জন। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রতিবেদনে জানানো হয়, সড়ক, রেল ও নৌ-পথ মিলিয়ে গত মাসে মোট ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ জন নিহত এবং ১ হাজার ১৯৭ জন আহত হয়েছেন।

•রেলপথ: ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ১১ জন আহত।

•নৌপথ: ৬টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৫ জন আহত।

আতঙ্কের নাম মোটরসাইকেল

মোট দুর্ঘটনার একটি বড় অংশই ছিল মোটরসাইকেল কেন্দ্রিক। ফেব্রুয়ারিতে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৭.৩৬ শতাংশ।

বিভাগওয়ারী চিত্র: ঢাকা শীর্ষে, বরিশাল সর্বনিম্ন

ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ১১৩টি দুর্ঘটনায় ১১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে; ২২টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন।

হতাহতদের পরিচয়

নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সমাজের বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। এর মধ্যে রয়েছেন ৩ জন পুলিশ সদস্য, ৩ জন সেনা সদস্য, ৮৫ জন চালক, ৭২ জন পথচারী, ৪৩ জন নারী, ৪১ জন শিশু এবং ৪৭ জন শিক্ষার্থী।

দুর্ঘটনার কারণ ও যানবাহনের ধরন

যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী, দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে:

•সড়ক পরিচালনায় অনভিজ্ঞতা ও আমলাতান্ত্রিক জটিলতা।

•মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা ও নসিমন-করিমনের অবাধ চলাচল।

•রোড সাইন, মার্কিং ও সড়ক বাতির অভাব।

•চালকদের বেপরোয়া মনোভাব ও ফিটনেসবিহীন যানবাহন।

পরিসংখ্যানে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়া যানবাহনের মধ্যে ২৬.৩৪ শতাংশ মোটরসাইকেল, ২৩.৭২ শতাংশ ট্রাক-পিকআপ এবং ১৫.২৮ শতাংশ বাস। এছাড়া ৪২.৬৩ শতাংশ দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি