image

জ্বালানি সংকটের আশঙ্কায় পাম্পে ভিড়

সংবাদ অনলাইন রিপোর্ট

ইরান-ইসরায়েল যুদ্ধ ও বৈশ্বিক পরিস্থিতির জেরে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই দীর্ঘ সারি আজ শুক্রবারও (৬ মার্চ) অব্যাহত রয়েছে।

রাজধানীর মগবাজার, পরীবাগ ও খিলগাঁওসহ বিভিন্ন এলাকার পাম্প ঘুরে দেখা গেছে, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। আন্তর্জাতিক বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় চালকরা আগেভাগেই গাড়ির ট্যাংকি পূর্ণ করে নিচ্ছেন। রাইড শেয়ারিং চালক থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ির মালিক সবার মাঝেই কাজ করছে তেল ফুরিয়ে যাওয়ার আতঙ্ক।

পাম্প মালিকরা বিক্রির চাপ বাড়ার কথা স্বীকার করলেও জানিয়েছেন, এখন পর্যন্ত তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। গত ৩ মার্চ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান এক বিবৃতিতে জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।

কর্তৃপক্ষ আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেও সাধারণ মানুষের মাঝে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ কমছে না।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি