image

রিজওয়ানা ও খলিলুর রহমানের গ্রেফতার দাবিতে জামায়াতের বিক্ষোভ

সংবাদ অনলাইন রিপোর্ট

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে গ্রেফতার ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচনে কারচুপির অভিযোগে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ মার্চ) দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই মিছিল শুরু হয়।

জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এই বিক্ষোভে সাবেক বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী) খলিলুর রহমানকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ উৎসাহ নিয়ে ভোট দিয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বিএনপির পক্ষে কাজ করেছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি দাবি করেন, জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের অনেক আসনে সামান্য ভোটের ব্যবধানে সুকৌশলে পরাজিত দেখানো হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশের কল্যাণে জামায়াত নির্বাচনের ফলাফল মেনে নিয়েছিল। কিন্তু কয়েকজন সাবেক উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি স্পষ্ট হচ্ছে, যা জনগণের কাছে ভুল বার্তা দিচ্ছে।

জনগণকে সঠিক তথ্য জানাতে এবং কারচুপির প্রকৃত রহস্য উদ্ঘাটনে এই দুই উপদেষ্টাকে গ্রেফতারসহ পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিচারবিভাগীয় তদন্তের জোর দাবি জানান তিনি।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি