আগামী ১২ মার্চ শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন আজ। শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই কর্মশালার দ্বিতীয় দিনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এবারের নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই নতুন মুখ। মূলত এই নতুন সাংসদদের সংসদীয় বিধি-বিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদের আচরণবিধি সম্পর্কে সম্যক ধারণা দিতেই এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে দলটি।
শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলের সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের এমপিরা অংশ নেবেন। কর্মশালায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং সিনিয়র নেতা ওসমান ফারুক উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার দু’দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেছিলেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নিয়েছিলেন।
কর্মশালায় অংশ নেওয়া সংসদ সদস্যরা জানান, সংসদের নিয়ম-কানুন ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে যাতে তারা সংসদে জনগণের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
আগামী ১২ মার্চ বেলা ১১টায় রাষ্ট্রপতির আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর সংসদীয় গণতন্ত্রের ধারায় বড় শক্তি হিসেবে ফিরছে বিএনপি।
সারাদেশ: ফরিদপুরের উপজেলাগুলোতে মাদকের সয়লাব
নগর-মহানগর: ক্ষুধার্ত মানুষের খাবারের ঠিকানা ‘মেহমানখানা’