image

সংসদের নেতিবাচক সংস্কৃতি দূর করতে চায় বিএনপি

সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয় সংসদের অতীতের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি নতুন ও কল্যাণকর রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চায় বিএনপি। দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন দেখে দেশবাসী আশ্বস্ত হবে এবং একটি কার্যকর সংসদের প্রতিফলন দেখতে পাবে।

শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ সব কথা বলেন।

তিনি জানান, সংসদকে কার্যকর ও মর্যাদাপূর্ণ করতে সংসদ সদস্যদের সংবিধান, কার্যপ্রণালী বিধি (রুলস অব প্রসিডিউর) এবং সংসদীয় রীতি-নীতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, নবীন সংসদ সদস্যরা যাতে শুরু থেকেই সঠিক সংসদীয় আচরণে অভ্যস্ত হতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। অতীতে সংসদে যে সব নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে মুছে ফেলাই আমাদের লক্ষ্য।

তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক মানের সংসদীয় চর্চা অনুসরণ করে নতুন জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবেন।

প্রসঙ্গত, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সেই অধিবেশনকে সামনে রেখেই সংসদ সদস্যদের দায়িত্ব, বিল ও বাজেট প্রক্রিয়া এবং স্থায়ী কমিটির কাজ নিয়ে সাবেক আমলা ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানরা দিকনির্দেশনা দিচ্ছেন। শনিবারের সেশনে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুরসহ বিভিন্ন অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের অংশগ্রহণে পরবর্তী সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি