image

‘চলেন যুদ্ধে যাই’ বলে বাসা থেকে বেরুলেন প্রধানমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঘর থেকে বেরিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করলেন, ‘চলেন যুদ্ধে যাই’। আজ রোববার (৮ মার্চ) সকাল ৮টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী তাঁর গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় এ মন্তব্য করেন। তিন শব্দের ছোট বাক্যটি উপস্থিত কর্মকর্তাদের মধ্যে মুহূর্তেই কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জানান, প্রতিদিনের মতো ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা যখন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষায় ছিলেন, তখন দরজা খুলেই চিরচায়িত হাস্যোজ্জ্বল মুখে ‘চলেন যুদ্ধে যাই’ বলে আহ্বান জানান। শুরুতে উপস্থিত কর্মকর্তারা কিছুটা হতচকিত হয়ে পড়েন। তবে পরে বুঝতে পারেন দেশ পুনর্গঠন ও রাষ্ট্র পরিচালনার বিশাল কর্মযজ্ঞকে প্রধানমন্ত্রী ‘যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ৩০ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রবেশ করেন। তাঁর এই মন্তব্য মূলত দেশ গঠনের কঠিন সংগ্রামের প্রতি তাঁর একাগ্রতা ও প্রত্যয়েরই বহিঃপ্রকাশ।

সচিবালয় সূত্রে জানা গেছে, আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। তাঁর আজকের বৈঠকগুলোর মধ্যে রয়েছে,​শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বৈঠক। শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সাথে আলোচনা। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে গুরুত্বপূর্ণ সভা।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের কেন্দ্রবিন্দুতে গতিশীলতা আনতেই প্রধানমন্ত্রী দিনের শুরুতেই এমন ‘স্পিরিটেড’ বা তেজোদীপ্ত মন্তব্যের মাধ্যমে কর্মকর্তাদের উজ্জীবিত করেছেন। দিনভর বিভিন্ন নীতিনির্ধারণী বৈঠকের মধ্য দিয়ে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি