image

শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন: মির্জা ফখরুল

সংবাদ অনলাইন রিপোর্ট

গুমের মতো গুরুতর অপরাধ করেও অনুশোচনা না করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিষয়টিকে একটি ফৌজদারি অপরাধ হিসেবেও অভিহিত করেছেন।

রোববার (৮ মার্চ) রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক চলচ্চিত্রের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গুম হওয়া প্রতিটি পরিবারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। সরকারিভাবে বিভিন্ন ভাতা দেওয়া হলেও পরিবারগুলো স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারছে না।

গুমের শিকার পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি শীঘ্রই প্রধানমন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক চিঠি লিখবেন।

অনুষ্ঠানে উপস্থিত তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গুমের শিকার ব্যক্তিদের কেবল বিচার নয়, বরং তাদের অক্ষত অবস্থায় ফেরত দেওয়াটাই এখন মূল দাবি। তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে আমরা আর কোনো গুম, হত্যা ও রক্তের রাজনীতি দেখতে চাই না।

গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের আর্তনাদ তুলে ধরতে এই চলচ্চিত্র নির্মাণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি