ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে দুবাইয়ে প্রাণ হারানো প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ অবশেষে দেশে এসে পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় নিহতের স্বজনদের পাশাপাশি সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মরদেহ হস্তান্তরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জানমালের গুরুত্ব সরকারের কাছে সবচেয়ে বেশি। আমরা আহমেদ আলীর পরিবারের পাশে আছি এবং তাদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
অন্যদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, এই যুদ্ধে এখন পর্যন্ত আরও ১৪ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলতে প্রবাসীদের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে আহমেদ আলীর মরদেহ অভ্যন্তরীণ ফ্লাইটে করে তার গ্রামের বাড়ি সিলেটের মৌলভীবাজারে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের স্বজনরা জানান, আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি প্রাণ হারান।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানেই তাকে সমাহিত করা হবে। আহমেদ আলীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সারাদেশ: ছাতকের তিররাইয়ে মাতৃপূজা ও দোল উৎসব
অর্থ-বাণিজ্য: পেট্রোল পুরোটাই দেশীয় পণ্য, রেশনিং নিয়ে প্রশ্ন
অর্থ-বাণিজ্য: এলপি গ্যাসের দাম ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব