image

একসঙ্গে ৫ অতিরিক্ত আইজিকে অবসরে পাঠাল সরকার

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন, আবু হাসান মুহম্মদ তারিক, মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, মোহাম্মদ মাসুদুর রহমান ভূঞা, কুসুম দেওয়ান এবং মোহাম্মদ তওফিক মাহবুব চৌধুরী।

এর মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও আবদুল আলীম মাহমুদ পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজি হিসেবে কর্মরত থাকলেও বর্তমানে ওএসডি ছিলেন। মাসুদুর রহমান ভূঞা পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজি (টিআর পদে) দায়িত্ব পালন করছিলেন। কুসুম দেওয়ান নৌ পুলিশের অতিরিক্ত আইজি এবং তওফিক মাহবুব চৌধুরী রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) হিসেবে দায়িত্বে ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তবে একসঙ্গে পাঁচজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানোর কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে ‘জনস্বার্থের’ কথা উল্লেখ করা হলেও বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এ সংক্রান্ত আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি