প্রধান তেল ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং তেল ডিপোগুলোর নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে আজ সোমবার এক জরুরি নির্দেশনার মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে ডিলারদের পক্ষ থেকে আকস্মিক ও অতিরিক্ত চাহিদার কারণে সরবরাহ ব্যবস্থায় সৃষ্ট জটিলতা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, বর্তমান প্রেক্ষাপটে দেশের বিভিন্ন প্রান্তের ডিপো থেকে হঠাৎ করেই জ্বালানি তেলের চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে। এই বর্ধিত চাহিদা পূরণ করতে গিয়ে কোম্পানিগুলো হিমশিম খাচ্ছে, যার ফলে কয়েকটি বড় ডিপো এলাকায় বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে তেল বিপণন কোম্পানিগুলো তাদের প্রধান স্থাপনাগুলোতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

সেনাবাহিনী মোতায়েনের তালিকায় চট্টগ্রামের পতেঙ্গা প্রধান স্থাপনা ছাড়াও রয়েছে খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশালের গুরুত্বপূর্ণ ডিপোগুলি। এ সব স্থাপনা রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ বা কেপিআই হিসেবে চিহ্নিত হওয়ায় এগুলোর সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার।

জরুরি এই নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে উল্লিখিত ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি