ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ মার্চ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। অধিবেশন নির্বিঘ্নভাবে পরিচালনা এবং জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি–শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে নির্ধারিত এলাকায় বিভিন্ন কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আওতায় ১১ মার্চ রাত ১২টা থেকে নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা ক্ষতিকর বস্তু বহন করা যাবে না। একই সঙ্গে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ময়মনসিংহ রোডের সংযোগস্থল থেকে পুরাতন বিমানবন্দর পর্যন্ত, বাংলামোটর ও সংশ্লিষ্ট সড়কগুলোসহ জাতীয় সংসদ ভবনের আশপাশের নির্ধারিত এলাকা এবং এসব সড়কের মধ্যবর্তী সংযোগপথে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সবুরদ্দার বিপিএম (বার) স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি বুধবার প্রকাশ করা হয়।