জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্তের আগে জামায়াতে ইসলামী সংসদের ডেপুটি স্পিকার নিয়োগ চায় না বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “সংসদীয় দলের বৈঠক চলছে। অধিবেশন শুরু হলে বিভিন্ন পর্বে আমাদের ১১-দলীয় সংসদ সদস্যরা কীভাবে কী ভূমিকা পালন করবেন—অনেক ইস্যু আছে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে।”
ডেপুটি স্পিকার চূড়ান্ত করার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা তো জুলাই চার্টারের সঙ্গে জড়িত। (অধিবেশন) শুরু হলে আমাদের সংসদ সদস্যরা কথা বলবেন। আমাদের বিরোধীদলীয় নেতা আছেন।”
তিনি আরো বলেন, “এ প্রসঙ্গ এখনই প্রাসঙ্গিক নয়। অধিবেশন শুরু হবে, জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। তারপর বিরোধীদলীয় নেতারা সিদ্ধান্ত নেবেন।”
বিরোধী দল নাকচ করেছে কি না এই প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, “নাকচ করেছি বলতে হবে, এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাইনি। এটা সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে।”