image

স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা ছাড়া আধুনিক ঢাকা সম্ভব নয়: আইজিপি

সংবাদ অনলাইন রিপোর্ট

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশের ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা প্রযুক্তিনির্ভর হতে হবে। স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়।

বুধবার (১১ মার্চ) সকালে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে আয়োজিত “ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ, উদ্ভাবন ও অগ্রগতির দিকনির্দেশনা” শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ দ্রুত নগরায়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি, নগর অর্থনীতির বিস্তার এবং মানুষের চলাচল বাড়ার ফলে সড়ক ব্যবস্থাপনা এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

পুলিশপ্রধান জানান, ঢাকা মহানগরীর যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিশেষ নির্দেশনা দিয়েছেন।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, নাগরিকদের সঙ্গে পুলিশের প্রথম পরিচয় অনেক সময় ট্রাফিক পুলিশের মাধ্যমেই ঘটে। একজন ট্রাফিক সার্জেন্ট যখন সড়কে দায়িত্ব পালন করেন, তখন তিনি শুধু যানবাহন নিয়ন্ত্রণ করেন না; বরং রাষ্ট্রের আইন ও শৃঙ্খলার প্রতিনিধিত্ব করেন। তাই তাঁদের আচরণ, পেশাদারত্ব ও নৈতিকতা জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশালায় সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর কাজী মো. ফজলুল করিম (বিপিএম-সেবা)। স্বাগত বক্তব্য দেন কলেজটির ভাইস-রেক্টর এস এম আক্তারুজ্জামান।

কর্মশালায় ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, যানজটের কারণ, আইন প্রয়োগের বাস্তবতা এবং প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের পক্ষে প্রবন্ধটি উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদ।

প্রবন্ধে ট্রাফিক আইন প্রয়োগের কার্যকারিতা, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, বাস রুট ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, রিকশা ও অন্যান্য নন-মোটরাইজড পরিবহনের সমন্বিত ব্যবস্থাপনা, অবৈধ পার্কিং ও ফুটপাত ব্যবস্থাপনার সমস্যা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়গুলো তুলে ধরা হয়।

কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (লজিস্টিকস) মোসলেহ উদ্দিন আহমদ (বিপিএম-সেবা) এবং অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন। তাঁরা ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।

আলোচনায় অংশগ্রহণকারী কর্মকর্তারা ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে বাস্তবভিত্তিক সুপারিশ ও কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেন। বিশেষ করে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, গণপরিবহন সংস্কার, আইন প্রয়োগের দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার (বিপিএম-সেবা)। বক্তারা আশা প্রকাশ করেন, কর্মশালার সুপারিশসমূহ ভবিষ্যতে ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং নগর পরিবহন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি