ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে আয়োজিত প্রথম অধিবেশনে তাকে এই পদে নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার স্পিকারের চেয়ার শূন্য রেখেই সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। শুরুতে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানে জড়িতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো, আলহামদুলিল্লাহ।
এরপর প্রধানমন্ত্রী পাঁচবারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনে সভাপতিত্ব করার প্রস্তাব দেন, যা সমর্থন করেন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে এই অধিবেশনেই স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়।
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে ৭২ হাজার ভোটের ব্যবধানে জয়ী হওয়া কায়সার কামাল ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর কলমাকান্দার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত মোস্তফা কামাল মনছুর এবং মা বেগম যোবায়দা কামাল।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর শেষ করে যুক্তরাজ্য থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। পেশায় সফল এই আইনজীবী ছাত্রজীবন থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত।
জাতীয়: মন্ত্রী হলেন আহমেদ আযম খান