image

অধিবেশনের শুরুতেই যান্ত্রিক গোলযোগ

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের মধ্য দিয়ে আবারো দেশে সংসদীয় রাজনীতির সূচনা হলো। দীর্ঘ অপেক্ষার পর শুরু সংসদের প্রথম অধিবেশনে বেশকিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

প্রথমেই অধিবেশনের শুরুতে স্পিকারের মাইকে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে অধিবেশন শুরু করতে বিড়ম্বনায় পড়েন স্পিকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশনে ২০ মিনিট বিরতি ঘোষণা করেন।

পরবর্তীতে স্পিকার বলেন, এই সংসদের স্পিকার নির্বাচিত করার জন্য আমি প্রতিটি মাননীয় সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমানে একটি যান্ত্রিক গোলযোগের কারণে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, তাই আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমার মূল মাইকটি বর্তমানে অকেজো থাকায় আমি হ্যান্ড মাইকে কথা বলছি। আশা করি, মূল মাইকটি শিগগিরই ঠিক হয়ে যাবে।

আপনারা একটু ধৈর্য ধরুন। দীর্ঘ ১৭ বছর পর আমরা একটি কার্যকর সংসদ পেয়েছি। এই সংসদ গণতান্ত্রিক বক্তব্য শুনতে অভ্যস্ত, তাই কিছুটা অনভ্যস্ততা থাকতে পারে। আশা করি, দ্রুতই এই পরিস্থিতির অবসান হবে। সকাল থেকে সবকিছু ঠিকঠাক চললেও এখন হঠাৎ এই বিপত্তি দেখা দিয়েছে।

প্রকৌশলীদের বরাতে তিনি জানিয়েছেন, দুই মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটি সংশোধন হয়ে যাবে। তবে যেহেতু এখন আযানের সময় হয়েছে, তাই নামাজের সুবিধার্থে আমি অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি ঘোষণা করছি।

এর আগে, এদিন সংসদ স্পিকার নির্বাচিত হয়ে শপথ নেয়ার পর প্রথম অধিবেশনে সভাপতিত্ব করতে আসেন। কিন্তু মাইকে সমস্যার কারণে তিনি ২ মিনিটের সময় চান। এরপর যোহরের আযান শুনে তিনি ২০ মিনিটের বিরতি দেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি