ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশন ওয়াকআউট করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা।
বৃহস্পতিবর (১২ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গে তারা ওয়াকআউট করেন।
এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির ভাষণ সংক্রান্ত ঘোষণা দেওয়ার পর পরই জামায়াতে ইসলামী ও এনসিপির সদস্যরা সংসদে হট্টগোল শুরু করেন। এ সময় তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। রাষ্ট্রপতি আসার পর ভাষণ শুরু করলে তারা অধিবেশন থেকে ওয়াক আউট করেন।
হট্টগোল আর প্রতিবাদের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অধিবেশনের শুরুতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানালে বিরোধী দল জামায়াতের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো এমন সব স্লোগান দিতে দেখা যায়। স্পিকার সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানালেও হট্টগোল চলতে থাকে।
তীব্র হইচইয়ের মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ শুরু করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির সংসদ সদস্যরা টেবিল চাপড়ে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। তবে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে আগে থেকেই আপত্তি জানিয়ে আসা জামায়াত ও তাদের মিত্র জোটের সদস্যরা প্রতিবাদী স্লোগান দিয়ে সংসদ থেকে বেরিয়ে যান।
জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট বর্তমান রাষ্ট্রপতির পদে থাকা এবং তাঁর ভাষণ দেওয়া নিয়ে রাজনৈতিকভাবে দ্বিমত পোষণ করে আসছিল। সেই ধারাবাহিকতায় আজকের এই ওয়াকআউট বলে ধারণা করা হচ্ছে। সাধারণত সংসদের কোনো সিদ্ধান্তের প্রতি অনাস্থা বা প্রতিবাদ জানাতে সংসদ কক্ষ ত্যাগ করার এই রীতি সংসদীয় ভাষায় ওয়াকআউট হিসেবে পরিচিত।