image

সমুদ্রে কড়া পাহারায় নৌবাহিনী: নিরাপদ থাকছে জ্বালানিবাহী জাহাজ

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের সমুদ্রসীমা ও সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বিশেষ করে বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপদ চলাচল নিশ্চিত করার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সচল রাখতে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে নৌবাহিনীর সদস্যরা।

বাংলাদেশের জলসীমায় অবস্থানরত এলএনজি, এলপিজি এবং পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলসহ বিভিন্ন ধরনের জ্বালানির মূল উৎস ক্রুড অয়েলবাহী জাহাজগুলোর নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর ) কর্তৃপক্ষ এ সব তথ্য জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করে দেশের সমুদ্রসীমায় অবস্থানরত জ্বালানিবাহী জাহাজসমূহের সুরক্ষায় নৌবাহিনী বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে।

এর অংশ হিসেবে চট্টগ্রাম সমুদ্র বন্দর সংলগ্ন এলাকা, গভীর সমুদ্র এবং জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুটগুলোতে নৌবাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তা কার্যক্রমের আওতায় সমুদ্রপথে নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ ও দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

নৌবাহিনীর এই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ফলে জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচল, নোঙর করা এবং বন্দরে প্রবেশ ও বহির্গমন নিশ্চিত করা সম্ভব হচ্ছে। মূলত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং দেশের জ্বালানি সরবরাহ চেইনকে যেকোনো ধরনের ঝুঁকি থেকে মুক্ত রাখতে এই বাড়তি নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ছাড়া সমুদ্রপথে যেকোনো ধরনের চোরাচালান, নাশকতামূলক অপতৎপরতা বা অবৈধ কর্মকাণ্ড মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিতে উপকূলীয় এলাকাগুলোতে নৌবাহিনীর বিশেষ অপারেশনাল টিমগুলো সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

জ্বালানি সরবরাহে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী বর্তমানে বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট জ্বালানি সংস্থাগুলোর সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে কাজ করছে।

এই সমন্বিত উদ্যোগের ফলে দেশের জ্বালানি আমদানি, সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থার নিরাপত্তা আগের চেয়ে আরও সুদৃঢ় হয়েছে। দেশের সমুদ্রসীমা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় নৌবাহিনী সর্বদা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের জ্বালানি নিরাপত্তা ও সমুদ্রপথে নির্বিঘ্ন বাণিজ্য বজায় রাখতে নৌবাহিনীর এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি