image

ঈদযাত্রায় আজ থেকে বিশেষ ব্যবস্থায় চলবে ট্রেন

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ শুক্রবার (১৩ মার্চ) থেকে শুরু হচ্ছে বিশেষ ব্যবস্থার ট্রেনযাত্রা। এমনটাই জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এদিন ভোর ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছাড়তে যাওয়া ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯) ট্রেনের মাধ্যমে এ বিশেষ যাত্রা কার্যক্রম শুরু হবে। এছাড়া সারাদেশে চলাচলকারী অন্যান্য ট্রেনও বিশেষ ব্যবস্থার আওতায় পরিচালিত হবে।

তথ্য অনুযায়ী, আজ যেসব যাত্রী ভ্রমণ করবেন, তাদের অগ্রিম আসনের টিকেট গত ৩ মার্চ বিক্রি করে রেলওয়ে। এই টিকেট বিক্রি কার্যক্রম চলে ৯ মার্চ পর্যন্ত। এছাড়া চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে।

এদিকে, বিনা টিকেটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। জিআরপি, আরএনবি, বিজিবি, র‌্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা নেওয়া হবে।

নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইন এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে। আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি র‌্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

টিকেটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে ১৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। একই সঙ্গে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনেও কোনো টিকিট দেওয়া হবে না।

এছাড়া ঈদ উপলক্ষ্যে ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরের ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি