ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোকে দেশে নিবন্ধনের আওতায় চায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী আন্তর্জাতিক কোম্পানিগুলো যেন বাংলাদেশে আইনানুগভাবে নিবন্ধনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে, সে বিষয়ে ব্যবস্থা নিতে এই কমিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে বলা হয়, ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেক সময় নানা অপপ্রচার চালানো হয়। এর সঙ্গে সাইবার নিরাপত্তার বিষয়ও আছে। কিন্তু কোম্পানিগুলো দেশে নিবন্ধিত না হওয়ায় এসব ক্ষেত্রে অনেক সময়ই করার কিছু থাকে না। তাদের সঙ্গে যোগাযোগ করেও সব সময় সাড়া পাওয়া যায় না। তাই এ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে সংসদীয় কমিটি।
বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু গণমাধ্যমকে বলেন, ফেসবুক, ইউটিউব, টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো আন্তর্জাতিক। এই মাধ্যমগুলো দেশে ব্যবসা, বিনোদন, ব্যক্তিগত যোগাযোগের কাজে যেমন ব্যবহৃত হচ্ছে, তেমনি সাইবার অপরাধীরাও অবাধে বিচরণ করছে। অনেক নারী, শিশু, সাধারণ মানুষ তাদের শিকার হচ্ছেন। অনেক সময় রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব বিষয়ে জবাবদিহি করতে হলে কোম্পানিগুলোর এখানে নিবন্ধিত হওয়া, তাদের কার্যালয় থাকা উচিত। এটি করা হলে সরকার ও কোম্পানিগুলো এসব বিষয়ে একসঙ্গে কাজ করতে পারবে। ভারত, অস্ট্রেলিয়াসহ কিছু দেশ এটি করতে বাধ্য করেছে। তা ছাড়া এসব মাধ্যমে যে ব্যবসা হচ্ছে, তার কোনো কর সরকার পাচ্ছে না। এতে বছরে প্রায় দেড় হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। এসব কারণে তাঁরা কোম্পানিগুলোকে নিবন্ধনের আওতায় আনার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটি অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন-আইপি টেলিভিশন এবং অনলাইন রেডিও নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে সচেতনভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে। গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে দ্য সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট যুগোপযোগী করার জন্য ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন’ দ্রুততম সময়ের মধ্যে প্রণয়নের কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়। এ ছাড়া বৈঠকে বাংলাদেশ বেতারের পদ সৃজনসংক্রান্ত নথি দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ; সিমিন হোসেন; মুহম্মদ শফিকুর রহমান; মুরাদ হাসান এবং খ. মমতা হেনা বৈঠকে অংশ নেন।
ক্যাম্পাস: জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ছাত্রদলের
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অর্থ-বাণিজ্য: ভোজ্যতেলের দাম বাড়বে না
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: দুই আসামিকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু