ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে মৌলভীবাজার ২ (কুলাউড়া) আসনে সক্রিয় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বাসদ (মার্কসবাদী) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী। তিনি ‘কাঁচি’ প্রতীক নিয়ে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভাজুড়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন।
প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন চা-বাগানেও সীমিতসংখ্যক কর্মীসমর্থক নিয়ে চা-শ্রমিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন তিনি। একমাত্র নারী প্রার্থী হিসেবে তার উপস্থিতি ভোটারদের বিশেষভাবে আকৃষ্ট করছে বলে অনেক চা-শ্রমিক জানিয়েছেন।
সমর্থনে যুক্তফ্রন্ট ও বিশিষ্টজনেরা
বাসদের পাশাপাশি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও তাঁর প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন। সম্প্রতি কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এক জনসভায় ‘কাঁচি’ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
সব শরিক দলকে নিয়ে ইতোমধ্যে ১৫১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। প্রখ্যাত জীনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর আহ্বানে ৬ ফেব্রুয়ারি কুলাউড়া ডাকবাংলো মাঠে আরেকটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে, যেখানে তিনি সাদিয়া নোশিনের প্রতি সমর্থন জানিয়ে ভোট কামনা করেন।
এ ছাড়া সিপিবি, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ জাসদ, হাওর রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, উদীচী ও যুব ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতারা তার পক্ষে মাঠে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন। তাদের মতে, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং জনগণ এবার ‘কাঁচি’ প্রতীকে সাড়া দেবে বলে তারা আশাবাদী।
ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক পথচলা : কুলাউড়া পৌরসভার লস্করপুর এলাকায় জন্ম নেয়া সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর বাবা ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা নারী নেত্রী ও গৃহিণী। নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সিলেট সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি এমসি কলেজে গণিতে অনার্স–মাস্টার্স সম্পন্ন করেন (২০১৭)।
২০১১ সালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু। পরে কলেজ শাখার আহ্বায়ক ও সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়ে তিনি জাতীয় পর্যায়ের রাজনীতিতে সক্রিয় হন। সার্বক্ষণিক রাজনৈতিক কাজের পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য টিউশনি করেন তিনি।
নির্বাচিত হলে অগ্রাধিকারমূলক পরিকল্পনা সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যে বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন, সেগুলো হলো-
সবার জন্য স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিতকরণ, প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়ন, মাদক-সন্ত্রাস-দুর্নীতি-সাম্প্রদায়িকতা ও নারী নির্যাতন প্রতিরোধ, চা-শ্রমিকদের ভূমির অধিকার প্রতিষ্ঠা ও ন্যূনতম, দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ, শ্রমজীবী-কৃষক-ক্ষুদ্র ব্যবসায়ী ও নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। তিনি নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের সমর্থন, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।
কুলাউড়া আসনে একমাত্র নারী প্রার্থী হিসেবে সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর সক্রিয় প্রচারণা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে। দলীয় ও সামাজিক বিভিন্ন মহলের সমর্থন নিয়ে তিনি গণতন্ত্র, অধিকার ও শ্রমজীবী মানুষের প্রশ্নকে সামনে রেখে ভোটযুদ্ধে এগিয়ে যাচ্ছেন- যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে।
অর্থ-বাণিজ্য: বিটকয়েনের দাম ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন
বিজ্ঞান ও প্রযুক্তি: স্মার্টফোন ফাইন্যান্সিংয়ে বাংলাদেশে ব্যাংকের অনুমোদন পেল পামপে
বিজ্ঞান ও প্রযুক্তি: বিএসসিএলের স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড
বিজ্ঞান ও প্রযুক্তি: থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য