ওসমান হাদি হত্যার বিচার দাবিতে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার জন্য বর্তমান সরকারকে পুরোপুরি দায়ী করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঐক্যের "মার্চ ফর বাংলাদেশ" অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, আন্দোলনকারীরা কোনো সহিংসতায় জড়াননি, বরং জুম্মার নামাজের পর তারা শান্তিপূর্ণভাবে দোয়া করছিলেন।
তিনি বলেন, "শান্তিপূর্ণ এই অবস্থানে জলকামান নিয়ে এসে নিরীহ মজলুম ভাইদের ওপর গরম পানি নিক্ষেপ করা হয়েছে। সাউন্ড গ্রেনেড ছুড়ে সাধারণ পথচারী ও দোকানদারদের ওপর হামলা চালানো হয়েছে। এই হামলার জন্য সরকার পুরোপুরি দায়ী।"
বক্তব্যে তিনি বর্তমান প্রশাসনের কর্মকাণ্ডকে বিগত আওয়ামী লীগ ও পাকিস্তান আমলের দমন-পীড়নের সঙ্গে তুলনা করেন। নাসীরুদ্দীন বলেন, "আওয়ামী লীগের আমলে দেখেছি মোবাইল চেক করতে, পাকিস্তান আমলে দেখেছি লুঙ্গি খুলে চেক করতে। গতকাল আমরা এই আমলে সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখলাম।" তিনি অভিযোগ করেন, সরকার আন্দোলনকারীদের একটি "কিলিং জোন" এর দিকে ঠেলে দিচ্ছে।
আন্তর্জাতিক তদন্তের দাবি ও গোয়েন্দা ব্যর্থতা
ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর (সিআইডি ও ডিবি) ওপর অনাস্থা প্রকাশ করে তিনি বলেন, "তদন্তকারীরা নিহত পরিবারের কাছে সিসিটিভি ফুটেজ চায়, যা হাস্যকর। আমরা মনে করি এই হত্যাকাণ্ডে দেশি-বিদেশি শক্তির হাত থাকতে পারে, তাই জাতিসংঘের মাধ্যমে একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা অপরিহার্য।"
নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, হামলা চালিয়ে বা ভয় দেখিয়ে রাজপথের কর্মীদের দমানো যাবে না। আহত ৩০-৪০ জন কর্মীর সুচিকিৎসা দাবি করার পাশাপাশি তিনি দ্রুত দোষী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ
অর্থ-বাণিজ্য: আবার বাড়লো সোনার দাম